Blog Details

চিকিৎসক প্রশিক্ষণে আইপিডিআইয়ের সফলতা

06 Oct 2025 - clippings
shape
shape
shape

স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিকিৎসকদের আধুনিক ও প্রশিক্ষিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় আইপিডিআই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বুধবার ১ মে ও ২ মে বৃহস্পতিবার দুই দিনব্যাপী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অন্তর্জাতিক কার্ডিওভাস্কুলার কনফারেন্স বাংলাদেশ লাইভ ২০২৪-এর আয়োজন করেছে আইপিডিআই ফাউন্ডেশন। উক্ত কনফারেন্সে দেশের এবং দেশের বাইরের প্রথিতযশা প্রায় দেড়শত হৃদরোগ বিশেষজ্ঞগণ তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন। সারা বাংলাদেশের প্রায় একহাজার চিকিৎসক উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন।

কনফারেন্সে দেশ ও দেশের বাইরের চারটি হাসপাতাল থেকে সরাসরি লাইভ কেস ট্রান্সমিশন সম্প্রচার করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, মাননীয় সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান, এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সম্মানিত সভাপতি অধ্যাপক একেএম মহিবুল্লাহ।

সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আল সাফী মজুমদার,সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, অধ্যাপক আফজালুর রহমান, চেয়ারম্যান বিআইটি, অধ্যাপক মীর জামাল উদ্দিন, পরিচালক, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এবং আ্যাডভোকেট আবু রেজা মুহা. কাইয়ুম খান, সভাপতি, হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে হৃদরোগ প্রায় মহামারীর আকার ধারণ করেছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন ধরণের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এ-ব্যাপারে এগিয়ে আসছে।

তিনি বলেন, আইপিডিআই ফাউন্ডেশনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই কনফারেন্সের আয়োজন বাংলাদেশে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। স্বাস্থ্যখাতে ডিজিটালাইজেশন দেশে হৃদরোগের প্রকোপ অনেকাংশে কমিয়ে আনবে- তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মহসীন আহমদ তার স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি হৃদরোগ প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের অধিবাসী পর্যন্ত সর্বক্ষেত্রেই আইপিডিআই তাদের কার্যক্রম অব্যাহত রাখছে৷ এরই ধারাবাহিকতায়, “ডিজিটাল বিজ্ঞান-বিশ্বে একধাপ এগিয়ে” এই শ্লোগানকে সামনে রেখে আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মরহুম আবু জাফর, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মরহুম মো. আমানউল্লাহ এবং সিঙ্গাপুর হার্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ট্যান হুয়েই চিমকে কার্ডিওলজিতে তাঁদের উল্লেখযোগ্য অবদানের জন্য আজীবন সম্মাননায় ভুষিত করা হয়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী তার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগ নির্মূলে বৈজ্ঞানিক গবেষণা এবং এ-বিষয়ক নানা সেমিনার এবং কনফারেন্সের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আইপিডিআই তাদের এধরণের কার্যক্রম অব্যাহত রাখবে। অতঃপর উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, আইপিডিআই ফাউন্ডেশন মূলত হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের একটি সহযোগী সংগঠন। দেশব্যাপী হৃদরোগ বিষয়ক সচেতনতার প্রসার এবং জনহিতৈষী কর্মকাণ্ডের স্বীকৃতিত্বরূপ সংগঠনটি ইতোমধ্যেই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ অর্জন করেছে।

Source: https://www.channelionline.com/success-of-ipdi-in-producing-trained-doctors/

Read more about the event: https://www.facebook.com/story.php?story_fbid=10220496788568010

Comment

Advancing Heart Care, Together

Contact Me