Blog Details

এতিম বালিকাদের স্বাস্থ্যসেবার দায়িত্ব নিলো ‘হেলো’

06 Oct 2025 - clippings
shape
shape
shape

শনিবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁও-এ সমাজসেবা অধিদপ্তরের আওয়তাধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো) তাদের স্থায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে। ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার, ডা. মহসীন আহমেদ, অ্যাডভোকেট আবু রেজা কাইয়ুম খান, ড. মোঃ আসিফুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম চৌধুরী, মোঃ রুকুনল হক এবং মিসেস ঝর্ণা জাহান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবু সালেহ মোস্তফা কামাল একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি এই শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরের আহবান জানান।

তিনি বলেন, সরকারি শিশু পরিবার বালিকা শাখার এতিম শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হেলো যে কার্যক্রম হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। হেলো’র এ-ধরণের উদ্যোগের সাথে সমাজসেবা অধিদপ্তর পাশে আছে এবং আগামীতেও থাকবে।

অনুষ্ঠানে হেলো’র প্রতিষ্ঠাতা ও সিইও ডা. মহসীন আহমদ তার স্বাগত বক্তব্যে হেলো’র পরিচিতি তুলে ধরে বলেন, মানবতার জন্য দাতব্য, গবেষণা ও সচেতনতা—এই শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)। প্রতিষ্ঠার শুরু থেকেই দেশব্যাপী হেলো বিভিন্ন দাতব্য কর্মসূচী পালন করে এসেছে। এরই ধারাবাহিকতায় সরকারি শিশু পরিবারে এই স্থায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমের সূচনা। হেলো’র এই কার্যক্রম স্থায়ীভাবে চলবে, ক্রমান্বয়ে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে – তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

হেলো’র জেনারেল সেক্রেটারি ড. আসিফুর রহমান অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে ডা. মাহবুবা আক্তার চৌধুরী, ডা. গৌতম চন্দ্র সাহা এবং ডা. মো. গোলাম সাব্বির স্বাস্থ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং অনুষ্ঠান শেষে শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

উল্লেখ্য, হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো) দেশব্যাপী হৃদরোগ বিষয়ক সচেতনতার প্রসার এবং জনহিতৈষী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যেই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ অর্জন করেছে।

Source: https://www.bahannonews.com/details/article/10089644/

Comment

Advancing Heart Care, Together

Contact Me